বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সাংস্কৃতিক চর্চার আহ্বান আসিফের। দৈনিক জুলাই ৩৬
জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর দেশের বিনোদন ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণে গুরুত্বারোপ করেছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মানুষের মানসিক সুস্থতা ও শিশুদের সৃজনশীল বিকাশে বিনোদন অত্যন্ত প্রয়োজনীয়। তার মতে, খেলাধুলা ও সংস্কৃতি চর্চা সমাজে ইতিবাচক চিন্তাভাবনা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।
পোস্টে তিনি উল্লেখ করেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশীয় ও পাশ্চাত্য বাদ্যযন্ত্রের চর্চাকে উৎসাহিত করেছিলেন। বাদ্যযন্ত্র আমদানিতে কর-সুবিধার কারণে পরবর্তীতে দেশের ব্যান্ড সংগীতের ব্যাপক বিকাশ ঘটে বলে তিনি মন্তব্য করেন। সাম্প্রতিক বাজেটে বাদ্যযন্ত্রের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্তকেও তিনি স্বাগত জানান।
আসিফ আরও বলেন, বিশ্বের অনেক মুসলিম দেশেই সংগীত, ক্রীড়া ও সংস্কৃতিচর্চা সমানভাবে এগিয়ে চলছে। তাই বাংলাদেশকেও আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সাংস্কৃতিক বিকাশে গুরুত্ব দিতে হবে। তিনি দেশের শিশু-কিশোরদের জন্য বিনোদনের সুযোগ বাড়ানো এবং সারাদেশে টেকসই সাংস্কৃতিক অবকাঠামো গড়ে তোলার আহ্বান জানান।